বিমানের মাইক্রোবাস থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার, চালক আটক

এই মাইক্রোবাস থেকেই ৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাস থেকে ৬ কেজি ৯৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। রবিবার (৬ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার গেটে মাইক্রোবাসটি থেকে ঢাকা কাস্টমের অভিযানে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় মাইক্রোবাসটির চালককে আটক করা হয়েছে।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার গেট থেকে স্বর্ণসহ মাইক্রোবাসটি আটক করা হয়েছে। আটক গাড়িচালকের নাম বিল্লাল হোসেন। হ্যাঙ্গার গেট দিয়ে বের হওয়ার সময় তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ৬০টি স্বর্ণের বার উদ্বার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এসব স্বর্ণ কোথা থেকে সংগ্রহ করে কার কাছে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল, এসব বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া সম্ভব হবে। এ গাড়িটি মূলত বিমান বাংলাদেশের কর্মকর্তা ও জিনিসপত্র বিমানবন্দরের রানওয়েতে আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হতো। স্বর্ণ উদ্ধারের সময় গাড়িটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। চালকের সিটের পাশের দরজায় স্বর্ণগুলো লুকানো ছিল।’