ডিএসসিসি’র ভেজালবিরোধী অভিযানে জব্দ ৬ লাখ ফ্রুটি জেলি ধ্বংস

জেলি ধ্বংসঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভেজালবিরোধী অভিযানে জব্দ করা ৫ লাখ ৯ হাজার ২১২টি ফ্রুটি জেলি (লিচু) ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৮ মে) বিকালে নগরভবনের পেছনের উন্মুক্ত অংশে বিশুদ্ধ খাদ্য আদালতের নির্দেশে ডিএসসিসি কর্তৃপক্ষ এগুলো ধ্বংস করে। এসময় আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী পাবেল সুইট, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন জানান, চলমান ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে করপোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাজার থেকে ভেজাল ও বিষাক্ত ‘মিনি ফ্রুটি জেলি লিচি ইয়কো’ সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়।
গবেষণায় দেখা যায়, ফ্রুটি জেলি লিচিগুলো ভেজাল, বিষাক্ত ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিকর। বিষয়টি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হওয়ায় উৎপাদনকারী প্রতিষ্ঠান আরমানিটোলার ইয়কো ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিয়ার রহমানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করে ডিএসসিসি। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মেহেদী পাভেল সুইট আসামির জবানবন্দি নেন। এসময় আসামি দোষ স্বীকার করলে জব্ধ করা ওইসব জেলি ধ্বংস করার আদেশ দেন।