মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মায়েদের জন্য হেলথ ক্যাম্প


মাতৃত্বকাল (ছবি: ইন্টারনেট থেকে)
মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত হতদরিদ্র মায়েদের জন্য হেলথ ক্যাম্প এর আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমিতে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঢাকা জেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আয়েশা নারগিস বাংলা ট্রিবিউনকে একথা বলেন।
তিনি বলেন, এটি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই  দুই সিটি করপোরেশনের ভাতাপ্রাপ্ত মায়েদের নিয়ে ক্যাম্প।

মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আয়েশা নারগিসকে উদ্ধৃত করে বলা হয়েছে, হেলথ ক্যাম্পে চিকিৎসকরা মায়ের ওজন ও প্রেসার চেক করেছে। শিশুদের ওজন দেখেছে। বেশিরভাগ মায়েরই দেখা গেছে তাদের মেয়েলি সমস্যা রয়েছে। প্রতি ব্যাচে যে মায়েরা থাকে তাদের একবার করে হেলথ ক্যাম্প করা হয়। এই বছরের জুনে এই মায়েদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

এই ভাতা পাওয়ার নিয়ম সম্পর্কে বলা হয়েছে, দুইয়ের বেশি সন্তানের ক্ষেত্রে এই ভাতা দেওয়া হয় না। ২০  বছরের আগে সন্তান নিলে সেই মা ভাতার আওতায় পড়বেন না।আবার বিয়েটা হতে হয় ১৮ বছর হওয়ার পর।

সকালে এই ক্যাম্প উদ্বোধনকালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  মেহের আফরোজ চুমকি বলেন, আগামী বাজেটে মাতৃত্বকালীন ভাতা ভোগীদের সংখ্যা ৮ লাখ থেকে বৃদ্ধি করে ৯ লাখ ৫০ হাজারে উন্নীত করা হবে এবং টাকার পরিমাণও ৫শ’ টাকা থেকে বাড়িয়ে ৮শ’ টাকা করা হবে।
তিনি মায়েদের উদ্দেশে বলেন, শূন্য থেকে ৫ বছরের মধ্যে শিশুর ৯০ শতাংশ বিকাশ সাধিত হয়। সুতরাং এই সময়  শিশুদের প্রতি  যত্নশীল হতে হবে। সরকার যে টাকা আপনাদের দিয়েছে এই টাকা দিয়ে নিজে এবং শিশুকে ভালো খাবার দাবার খাওয়াবেন।