মিরপুর ও রূপনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ-জরিমানা

উচ্ছেদ অভিযানঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিরপুরের সেকশন-২ ও রূপনগর এলাকার ৫০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার।

তিনি জানান, অভিযানকালে রূপনগরের আরামবাগ কাঁচাবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় অবৈধভাবে নির্মিত প্রায় ৫০টি সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়। একইসময় আরামবাগ কাঁচাবাজারে প্রায় ৩০ ফুট রাস্তা অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়।

ডিএনসিসির উচ্ছেদ অভিযানতাছাড়া, রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মিরপুর-২ এ অবস্থিত জিএলজি এসেটস লিমিটেড, এআর ল্যান্ডসমার্ক, দৌলত প্রপার্টিজ লিমিটেড এবং বি ব্লকের ২ নম্বর রোডের ১৪ প্লট মালিকসহ সবাইকে ২৫ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় তারা রাস্তা ও ফুটপাতে থাকা নির্মাণসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

অন্যদিকে, রূপনগরে অবস্থিত মেডিকাস হসপিটাল অবৈধভাবে শেড নির্মাণ করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরও শেড সরিয়ে নিতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়।