ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার (৬ জুন) দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- দিপক নন্দী (৫৫) ও আমির হোসেন (৬৫)। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

কারারক্ষী মো. হানিফ জানিয়েছেন, বন্দি দীপক নন্দী (৫৫) বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় ৯ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষী মো. মনোয়ার হোসেন বুধবার দুপুর পৌনে ১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ  (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বন্দি নম্বর (কয়েদি ২৭৭০/এ)। বিকালে ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে যান। তার বাবার নাম মৃত সাক্ষী গোপাল নন্দী।

একই দিন সন্ধ্যায় আরেক কারাবন্দি মো. আমির হোসেন (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। কারারক্ষী মো. ফারুক হোসেন তাকে অসুস্থ অবস্থায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম মকবুল হোসেন। তার বন্দি নম্বর (কয়েদি -২৪৩৬/এ)।