বৃহস্পতিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু বাংলা ট্রিবিউন বৈঠকি রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ বৈঠকি।
আব্দুল আলীম বলেন, ‘আমরা ভোট গ্রহণের সকালবেলা অনেক ভোটারের উপস্থিতি দেখতে পেয়েছি। তেমন কোনও কেন্দ্রে সহিংসতা ঘটেনি। কেন্দ্রে দুই দলের এজেন্টদেরও সুষ্ঠুভাবে কাজ করতে দেখেছি। বেশকিছু ইতিবাচক বিষয় দেখতে পেয়েছি।’
তিনি বলেন, ‘তবে আমরা যেসব ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছি, সেগুলোর মধ্যে ৪৬. ৫ শতাংশ অর্থাৎ ১৫৯টি অনিয়মের ঘটনা ঘটেছে। এসব কেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনি প্রচার করার ঘটনা ২৪টি, ভোটকেন্দ্রে অনোনুমোদিত ব্যক্তির উপস্থিতির ঘটনা ৩০টি, ভোটকেন্দ্রের ভেতর ৮টি এবং বাইরে ৯ সহিংসতার ঘটনা, অবৈধভাবে ব্যালটে সিল মারার ২১টি ঘটনা, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ প্রার্থীর পক্ষ নিয়েছে এমন পাঁচটি, ভোটারকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এমন ঘটনা ছয়টি, ভোটারকে ভোটকক্ষে প্রবেশের পর আঙুলে কালির ছাপ দিয়ে বলা হয়েছে, আপনার ভোট দেওয়া হয়ে গেছে এমন ঘটনা ৩টি, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ না করতে দেওয়ার ৩টি ঘটনা, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ৬টি এবং অন্যান্য অনিয়মের ঘটনা ঘটেছে ১৬টি।’
আব্দুল আলীম জানান, ভোটগ্রহণ শুরুর সময়ে ৯৬.৯ শতাংশ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট এবং ৮১.৪ শতাংশ ভোটকেন্দ্রে বিএনপি মেয়র প্রার্থীর এজেন্টদের দেখতে পান তারা।