প্রবাসী কর্মজীবীদের জন্য দেশে অ্যাম্বুলেন্স সুবিধা

অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীপ্রবাসে মারা যাওয়া কর্মজীবীদের লাশ পরিবহন এবং অসুস্থ কর্মীদের সেবা প্রদানের লক্ষ্যে দুটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়ন ও ব্যবস্থাপনায় প্রবাসে মৃত কর্মীদের লাশ পরিবহন এবং অসুস্থ কর্মীদের সেবা প্রদানের লক্ষ্যে দুটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এসময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের কল্যাণে গঠিত হয়েছে। সবসময় নতুন নতুন কল্যাণমূলক কার্যক্রম ও সেবা প্রদানে সর্বদা সচেষ্ট রয়েছে এই মন্ত্রণালয়।’
মন্ত্রী আরও বলেন, ‘আগামীতে প্রবাসী কর্মী ও তাদের আত্মীয়-স্বজনের সুবিধার্থে আবাসিক স্কুল, হাসপাতাল ও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেন, ‘প্রবাসে মৃত কর্মীর লাশ পরিবহন ও অসুস্থ কর্মীর সেবা প্রদানের জন্য একটি অ্যাম্বুলেন্স সিলেটে পাঠানো হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাম্বুলেন্স দুটি প্রবাসে মারা যাওয়া কর্মীদের লাশ পরিবহন ও অসুস্থ কর্মীদের হাসপাতালে ভর্তিসহ প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের লক্ষ্যে ব্যবহৃত হবে। অ্যাম্বুলেন্স দুটিতে অক্সিজেন সাপোর্টসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি রয়েছে। স্বল্প খরচে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এ সেবা পাবেন।  প্রবাসে মৃত কর্মীদের লাশ পরিবহন ও অসুস্থ কর্মীদের সেবা প্রদানে এরইমধ্যে চট্টগ্রামে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।
অ্যাম্বুলেন্সের উদ্বোধনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার,অতিরিক্ত সচিব মো.আমিনুল ইসলাম,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচারক গাজী মোহাম্মদ জুলহাসসহ মন্ত্রণালয়, দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।