রাজধানীর নন্দীপাড়ায় কিশোর খুন

খুনরাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় আল আমিন (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। স্থানীয় কিশোরদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ও নিহতের স্বজনদের ধারণা। 

শুক্রবার (২৯ জুন) সন্ধ্যা সাতটা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আল  আমিন মারা যায়। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আল আমিনের নানি আমেনা বেগম জানান, তার সঙ্গেই আল আমিন থাকতো। নন্দীপাড়া কোলারবাড়ি নামক এলাকায় একটি মেলা চলছে। সেখানে আল আমিনকে ধাওয়া করে ছুরিকাঘাত করা হয়। এরপর তার বন্ধু জয় ও পরিবারের সদস্যরা আল আমিনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

আল আমিন পশ্চিম নন্দীপাড়ার ঢাকা মডেল স্কুল অ্যাণ্ড কলেজে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। তার গ্রামের বাড়ি বরিশালে। তার বাবার নাম মোশারফ হোসেন।

আল আমিনের বন্ধু জয় বাংলা ট্রিবিউনকে জানান, আল আমিনের পিঠে ছুরিকাঘাতের কারণে অনেক রক্তপাত হয়েছে। সন্ধ্যায় জাভেদ, সোহেল ও সালাম নামে কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করে।

তবে তাদের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব ছিল তা সে জানাতে পারেনি।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। কোলারবাড়ি এলাকায় মেলার ভেতরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে কোথায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, তা জানান যায়নি। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে বলে শুনছি।’