রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত





মোটরসাইকেল দুর্ঘটনারাজধানীর বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল সংলগ্ন সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত ও অন্য একজন আহত হয়েছেন।

শনিবার (৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বেলা দুটার দিকে মোটরসাইকেল চালক আল আমিন আজাদ (২২) মারা যান। তার সঙ্গী মোস্তাফিজুর রহমান (২৫) আহতাবস্থায় বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আজাদ গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা এলাকার মো.আব্দুল খালেকের ছেলে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন জানান, ওই মোটরসাইকেলের দুই আরোহী গাজীপুরের শ্রীপুর এলাকার বাসিন্দা। তারা সেখান থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় আসেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের উল্টো পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়।