ঘটনাস্থল থেকে ছয় হাজার পিস ইয়াবা ও বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোরে মিরপুর বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল র্যাব। এ সময় একটি মোটরসাইকেলের দুই আরোহী র্যাবের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র্যাব সদস্যদের ধাওয়ার একপর্যায়ে তারা বোমা ছুড়ে মারে। এ সময় র্যাব সদস্যরা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।’
র্যাব কর্মকর্তারা জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পকেটে পাওয়া একটি আইডি কার্ড দেখে তার নাম ইব্রাহিম বলে জানা যায়। সে এলাকায় পাইলট বাবু নামে পরিচিত। মিরপুর এলাকার মাদক সম্রাট ছিল সে। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মাদকের মামলা রয়েছে। এর আগে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নজুর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল পাইলট বাবুর। তারা দুজনে মিলে মিরপুর এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো।