চিকিৎসকদের কর্মবিরতি বন্ধের নির্দেশনা চাওয়া রিটের শুনানি দুপুরে

সুপ্রিম কোর্ট

যেকোনও পরিস্থিতিতে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের  কর্মবিরতি ডাকা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনটি আদালতে উত্থাপিত হলে এ বিষয়ে দুপুর দু’টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রিটের শুনানির সময় নির্ধারণ করেন।

এর আগে বুধবার সকালে (১১ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী বশির আহমেদ এই রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। 

পাশাপাশি রিটে সব জেলা সদরের হাসপাতালগুলোতে কমপক্ষে ৩০ শয্যা বিশিষ্ট আইসিইউ অথবা সিসিইউ ইউনিট বসানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী বশির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসাসেবা একটি মহান পেশা, এর সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর সম্পর্কও জড়িত। এ পেশায় যারা কাজ করেন, তারা কিছু হলেই কর্মবিরতির ডাক দেন। সাধারণ মানুষকে এভাবে জিম্মি করে কর্মবিরতির ডাক দেওয়া বেআইনি। এ কারণে আদালতের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। এ বিষয়ে দুপুর দু’টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন আদালত।