কৃষি ব্যাংকের ৪ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

দুদক১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের কাওরানবাজার শাখার সাবেক চার কর্মকর্তাসহ মেসার্স আর এন সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান ও এমডিসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুব শিগগির এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য জানান, বাংলাদেশ কৃষি ব্যাংকের কাওরানবাজার শাখার কয়েকজন কর্মকর্তা ব্যাংকটির গ্রাহক মেসার্স আর এন সোয়েটার্স লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে ভুয়া রেকর্ডপত্র তৈরি করেন। এরপর আর এন সোয়েটার্স লিমিটেডকে ঋণ সুবিধা দিতে উভয়পক্ষ যোগসাজশ করে ২০১২ সালের ৪ জুন থেকে ২০১২ সালের ৯ আগস্ট পর্যন্ত ১০ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৬৬৯ টাকা আত্মসাত করে।
পরে অনুসন্ধান শেষে ২০১৭ সালের ২৯ আগস্ট দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মেসার্স আর এন সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুন নবী চৌধুরী, চেয়ারম্যান মিসেস হোসনে জামান চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের কাওরানবাজার করপোরেট শাখার সাবেক এসপিও শাহ সারফুদ্দিন আহমেদ, সাবেক এজিএম মো. সারোয়ার হোসেন, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক মো. যুবায়ের মনজুর, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক এ বি এম আতাউর রহমানকে আসামি করা হয়।