তিন সিটিতে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার



সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীরাজশাহী, বরিশাল ও সিলেট এই তিন সিটি নির্বাচনে যেকোনও অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) কঠোর অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘সুষ্ঠ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছৈ। কোনও দল জালিয়াতি আশ্রয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না। তবে, সিটি নির্বাচনে সেনা মোতায়েন কোনও প্রয়োজন নেই।’ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল ইসির কমিশনারদের সঙ্গে বৈঠক করে ।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। পরিবেশ ভালো রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনকে। আমরা সিটিগুলোর পুলিশ কমিশনারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। আইন-শৃঙ্খলার কোনও ক্রটি হতে দেওয়া যাবে না। আপনারা জানেন, রাজশাহীর একটি ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। তিন সিটিতে নির্বাচনি পরিবেশ রয়েছে।’
বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়ে এই কমিশনার বলেন, ‘বিএনপি তাদের নেতাকর্মীদের একটি তালিকা দিয়েছে। সেটা খতিয়ে দেখা হবে, যে কাউকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে কিনা। আমরা পুলিশ প্রশাসনকে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার না করার নির্দেশনা দিয়েছি।’ তিনি বলেন, ‘বিএনপিকে আমরা তাদের পোলিং এজেন্টের নামের তালিকা দিতে বলেছি। সেটা আমরা পুলিশ প্রশাসনকে দেবো, যেন হয়রানি না করা হয়।’
সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন বলেন, ‘সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। তবে তিন সিটির কিছু কিছু কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। এর অগে সিসি ক্যামেরা গাজীপুরেও ব্যবহার করা হয়েছিল।’