শাহজালালে দুর্ঘটনার কবলে থাই এয়ারওয়েজের বিমান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনায় পড়া থাই এয়ারওয়েজের বিমান

ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়ে। টিজি ৩২১ ফ্লাইটটি মঙ্গলবার (২৪ জুলাই) ১২টা ৪৫ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে দুপুর ১২টা ৪৫ থেকে ২ টা ৩৩ মিনিট পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ছিল। পরে রানওয়ে সচল হয়। বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। 

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ থেকে ২ টা ৩৩ মিনিট পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। দুর্ঘটনা কবলিত বিমানটি সরিয়ে নেয়ার পর রানওয়ে খুলে দেওয়া হয়েছে। 
চাকা ফেটে দুর্ঘটনায় পড়া থাই এয়ারওয়েজের বিমান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘রানওয়েতে নামবার সময় থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে বিমানটি সরিয়ে নেওয়ার জন্য কিছু সময় রানওয়ে বন্ধ রাখা হয়েছিল। যাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।’
জানা গেছে, বিমানটি রানওয়ের ট্র্যাক থেকে সরে লাইটিং সিস্টেমের দিকে চলে যায়। এতে রানওয়ের কিছু লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।