সাজাপ্রাপ্ত মামলায় খালেদা জিয়ার জামিন বাড়লো ৩১ জুলাই পর্যন্ত

খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিলের শুনানিকালে তার জামিন আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার আইনজীবীদের শুনানি নিয়ে বুধবার (২৫ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী আব্দুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী। এছাড়া শুনানিতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস চেয়ে আপিলের ওপর হাইকোর্টে শুনানি চলছে।

এ মামলায় খালেদা জিয়ার আপিল ছাড়াও শুনানির অপেক্ষায় থাকা আরও তিনটি আবেদন হলো— খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য করা দুদকের আবেদন (রিভিশন), একই মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপিল।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।