গত ২৪ মে স্থানীয় কাউন্সিলর মোশাররফ হোসেনের মৃত্যুতে এই পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর গত ২৮ জুন এই ওয়ার্ডের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
উপনির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের চারজন, বিএনপির একজনসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকে দেলোয়ার হোসেন মিয়া, ঠেলাগাড়ি প্রতীকে মোকাদ্দেস হোসেন, রেডিও প্রতীকে মোশারফ হোসেন, লাটিম প্রতীকে জিয়াউর রহমান, ঘড়ি প্রতীকে মোহাম্মদ আলী, এবং কাঁটা চামচ প্রতীকে মনির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট দিতে আসা স্থানীয়রা জানান, উপনির্বাচনে মূল লড়াই হচ্ছে মিষ্টি কুমড়া প্রতীকে দেলোয়ার হোসেন মিয়ার সঙ্গে ঠেলাগাড়ি প্রতীকের মোকাদ্দেস হোসেনের।
লালবাগ কেল্লার মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ফিরোজ জানান, মিষ্টি কুমড়া আর ঠেলাগাড়ির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, গত নির্বাচনে দেলোয়ার হোসেন সাবেক ওয়ার্ড কমিশনার মোশাররফ হোসেনের কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান।
দোলোয়ার হোসেনের কর্মী ওবায়েদ জানান, এবার বিপুল ভোটের ব্যবধানে দেলোয়ার হোসেন বিজয়ী হবে। অন্যদিকে, মোকাদ্দেস হোসেনের সমর্থক ও কর্মীরা জানান, বিপুল ভোটে এবার দেলোয়ার হোসেন পাস করবেন।
জানা গেছে, ২৪ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৪২ হাজার ৮৫৫ জন। গত নির্বাচনে প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছিল।