‘জাবালে নূর’ বাসের মালিক গ্রেফতার

র‌্যাবের হাতে গ্রেফতার শাহাদাৎ হোসেনরাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ‘জাবালে নূর’ নামে সেই বাসটির মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

বুধবার (১ আগস্ট) তাকে রাজধানী থেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

তিনি বলেন, ‘জাবালে নূরের যে বাসটি শিক্ষার্থীদের চাপা দিয়েছিল, তার মালিকের নাম মো. শাহাদৎ হোসেন। আমরা তাকে গ্রেফতার করেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

প্রসঙ্গত, রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।