খালেদা জিয়ার আপিল শুনানি ৮ আগস্ট পর্যন্ত মুলতবি

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া (ফাইল ছবি)

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিলের শুনানি ৮ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বুধবার (১ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ (বুধবার) খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিলের শুনানির দিন ধার্য থাকলেও তার পক্ষে কোনও সিনিয়র আইনজীবী আদালতে আসেননি। এতে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম দুই সদস্য বদরুদ্দোজা বাদল ও কায়সার কামাল আদালতকে বলেন, ‘এ মামলার সিনিয়র আইনজীবীরা আপিল বিভাগে রয়েছেন। সেজন্য তারা সময় প্রার্থনা করেছেন।’ পরে খালেদা জিয়ার পক্ষে কোনও আইনজীবী না থাকায় শুনানি মুলতবির আদেশ দেন হাইকোর্ট।

আদেশে আদালত বলেন, ‘খালেদা জিয়ার ২৫ জন আইনজীবীর মধ্যে কাউকে শুনানির সময় পাওয়া যায়নি। এজন্য খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিলের শুনানি ৮ আগস্ট পর্যন্ত মুলতবি করা হলো।’ এসময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২, ১৫, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০ ও ৩১ জুলাই মোট ১২ দিন খালেদা জিয়ার আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।