রিমান্ড চেয়ে নওমিকে আদালতে পাঠিয়েছে ডিবি

মিলহানুর রহমান নাওমি

রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথোপকথনকারী মিলহানুর রহমান নওমিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রবিবার (৫ আগস্ট) ভোরে একদল গোয়েন্দা পুলিশ (ডিবি) কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামের ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
রাজধানীর শাহবাগ থানায় গত শনিবার (৪ আগস্ট) তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে ডিবি পুলিশ। মামলা নম্বর-১১। এ মামলায় কারা কারা নাশকতায় জড়িত ছিল তা জানতে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে ডিবি।
মামলায় তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগত হিসেবে ঢুকে নাশকতার অভিযোগ আনা হয়েছে। মামলার বিবরণে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নামও রয়েছে।
ডিবি পশ্চিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহাদাত হোসেন সুমা বলেন, ‘নাওমিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে কারা কারা নাশকতায় জড়িত ছিল তা জানার চেষ্টা করা হবে।’
আটক নওমি কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর কাউন্সিল এবং সদর দক্ষিণ উপজেলার উনাইসা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ছেলে। সিদ্দিকুর রহমান বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আগে তিনি জামায়াতের সদস্য ছিলেন।