বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু: চালক ও হেলপারসহ চারজন রিমান্ডে

ba902c8c1f12eed6e98b265d86b2955c-5a97ba83320ecরাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর মামলায় জাবালে নূরের দুই বাসচালক ও দুই হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ আগস্ট ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। তারা হলেন, এনায়েত হোসেন (৩৮), সোহাগ আলী (৩৫), রিপন হোসেন (৩২) ও জোবায়ের (৩৬)।
এর আগে ৩১ জুলাই তদন্ত কর্মকর্তা মামলার সঠিক তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু ওই দিন আবেদনের সঙ্গে মামলার কেস ডকেট (সিডি) না আনায় বিচারক রিমান্ড শুনানির জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেন। এদিকে গত ১ আগস্ট জাবালে নূরের বাস চালক মাসুম বিল্লাহ’র সাতদিনের রিমান্ড এবং ২ আগস্ট জাবালে নূরের বাস মালিক শাহাদাত হোসেনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ২৯ জুলাই, কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুতগতির জাবালে নূরের বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসচাপায় ঘটনাস্থলেই মারা যায় দুইজন। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন।