এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিকের জামিন মঞ্জুর





দুর্ঘটনার পর বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম ওরফে রানার (২৩) নিহতের ঘটনায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক মো. জুনায়েদ হোসেন লস্করের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে চালক ইমরান সরদারের জামিন নামঞ্জুর করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক ফাহ্দ বিন আমিন চৌধুরীর উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। গত ৩ আগস্ট মগবাজারে এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম ওরফে রানাকে (২৩) চাপা দেয়।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, জুনায়েদ হোসেনের পক্ষে জামিন শুনানিতে তার আইনজীবী হজ পালন করতে সৌদি আরব যাওয়ার গ্রাউন্ড দেখিয়ে জামিন চান। তার হজে যাওয়ার ফ্লাইটের তারিখ ১০ আগস্ট নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
গত ৪ আগস্ট চালক ইমরান সরদারকে দুদিন ও ৫ আগস্ট বাস মালিক জুনায়েদ হোসেনকে একদিনের রিমান্ডে পাঠান আদালত।
গত ৩ আগস্ট রাজধানী ঢাকার মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম ওরফে রানা (২৩) নিহত হন। সাতক্ষীরা-ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের বাসটি একটি রিকশাকেও ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও দুই যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসের চালককে আটকের পরে পুলিশে সোপর্দ করে। এরপর বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।