উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তার বিচার দাবি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি করে সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান বলেন, এই আন্দোলনের ষড়যন্ত্রে বিএনপি নেতা আমির খসরুর যেই কথোপকথন তা প্রযুক্তির মাধ্যমে জনগণের সামনে উন্মোচিত হয়ে গেছে। যারা এই উস্কানি দিয়েছে এবং সাংবাদিকদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই। তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই কোমলমতি শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনকে যারা সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে চেয়েছিল তারা হলো স্বাধীনতাবিরোধী। তারা কোটি কোটি টাকা নিয়ে রাস্তায় নেমেছে। এদেরকে প্রতিহত করতে আমরা রাজপথে আছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ মেজবাহ, মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল, চেতনা বাস্তবায়ন মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।