সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রে মৃত ও প্রবাসীদের নামে ভোট দেওয়া ঠেকাতে চান বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এজন্য তিনি ভোটার তালিকায় থাকা এই দুই ধরনের ভোটারদের তথ্য কমিশনে জমা দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত আবেদন করেন।
বৈঠক শেষে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘যেসব মৃত ভোটার আছেন এবং যারা প্রবাসে আছেন, তাদের তালিকা কমিশনকে দিয়েছি। এরা তো নাই, কাজেই এদের ভোট যাতে কাস্ট না হয় সেটা বলেছি। এসব ভোট বাদ দিলেও আমি অনেক ভোটে জয়ী হবো। ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
সিইসি বিষয়টি দেখবেন বলে আরিফুল হককে জানিয়েছেন বলেও সাংবাদিকদের জানান বিএনপির এই মেয়র প্রার্থী।
সার্বিকভাবে সিলেটে নির্বাচন কেমন হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো বলে লাভ নাই। আমার মনে হয় লাইভ হলে ভাল হতো। আমি এখন আপনাদেরকে লাইভ ছাড়া কিছু বলতে চাই না। লাইভ হলে আপনারা কাট করতে পারবেন না। লাইভ না হলে আসল কথাটা জনগণ জানলো না।’
নির্বাচনের দিন আপনি বলেছিলেন, ‘ভোট সুষ্ঠুভাবে হচ্ছে না,নানান রকম অনিয়ম হচ্ছে’ তারপরও দেখা গেলো আপনি ভোটে অনেক এগিয়ে আছেন, এ বিষয়ে তিনি বলেন,‘আমি প্রথম থেকে বলেছি— জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি প্রত্যেকটা মিডিয়ার সামনে একই কথা বলেছি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি একলাখের ওপরে বেশি ভোট পাবো। কারণ, জনগণের প্রতি আমার কনফিডেন্স আছে। আমি সে কনফিডেন্স নিয়েই কথা বলেছি। তার প্রমাণও পেয়েছি।’
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট সিলেটে স্থগিত দুইটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
সিইসিকে আরিফুল হকের দেওয়া তথ্য অনুযায়ী স্থগিত দুইটি কেন্দ্রে মৃত ভোটার ১১৮ জন এবং প্রবাসী ভোটার রয়েছেন ১৮০ জন। আর এলাকা থেকে চলে গেছেন তিন জন। মোট ভোটার নেই ৩০১ জন। আরিফুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য মাত্র ১৬১টি।