আইজিপি বলেন, ‘মোহাম্মদ সালাম বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অবদানের কথা বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে।’ তিনি সালামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত বুধবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি তার মাতা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ সালাম ১৯৪৪ সালে ভোলা জেলার মধ্যচর নোয়াবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালের ২৩ মার্চ সরাসরি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে অবসর গ্রহণ করেন। কর্ম জীবনে সালাম অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ‘সোর্ড অব অনার’ পুরস্কারে ভূষিত হন তিনি।
মোহাম্মদ সালামের জানাজা বুধবার বিকালে বাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি ভোলায় নেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।