আমির খসরুকে দুদকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আমির খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ফটো)মুদ্রাপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নোটিশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট দায়েরের তথ্যটি সোমবার (৩ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এ আবেদনের ওপর মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) শুনানি হতে পারে বলেও তিনি জানান। বিভিন্ন দেশে মুদ্রাপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা এক নোটিশে আমির খসরুকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। ওই চিঠিতে বলা হয়, আমির খসরু বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এই নোটিশ পাঠানো হয় চট্টগ্রামে আমীর খসরুর চকবাজার থানার মেহেদীবাগের বাসার ঠিকানায়। অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম।

পরে সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন খসরুর আইনজীবী আব্দুল্লাহ্ আল মাহমুদ।