জাতীয় প্রেস ক্লাবে মোস্তাক হোসেনকে শেষ শ্রদ্ধা

মোস্তাক হোসেনের কফিনে তথ্যমন্ত্রীর শ্রদ্ধাঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেনকে জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল হকসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবে মোস্তাক হোসেনের জানাজাতথ্যমন্ত্রী বলেন, ‘এর আগে তিনি যখন অসুস্থ হয়েছিলেন আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি, চিকিৎসকের সঙ্গেও কথা বলেছিলাম। আমার ধারণা ছিল, তিনি দ্রুত আরোগ্য লাভ করে বাড়ি ফিরবেন। কিন্তু অনেকটা নীরবে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। দীর্ঘ কয়েক বছর ধরে তার সঙ্গে আমার ওঠা-বসা ছিল।’
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বলেন, আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করি।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, মোস্তাক হোসেনের মৃত্যুতে প্রেস ক্লাব গভীরভাবে শোকাহত। এর আগে যখন মোস্তাক ভাই অসুস্থ হয়েছিলেন আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে এসেছিলেন। কিন্তু এবার অনেকটা নীরবে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে মোস্তাক হোসেনকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

ডিআরইউয়ের শ্রদ্ধা নিবেদন

সোমবার দুপুর তিনটায় ডিআরইউ কার্যালয়ে মোস্তাক হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ডিআরইউ সদস্য ছাড়াও বিএফইউজে, ডিইউজেসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে মোস্তাক হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেনের মৃত্যুতে দুইদিনের শোক ঘোষণা করেছে সংগঠনটি।   এ উপলক্ষে মঙ্গলবার ও বুধবার ডিআরইউ এর পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সদস্যরা কালো ব্যাজ পরবেন।


প্রসঙ্গত, সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাক হোসেন ইন্তেকাল করেন। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এর আগে বৃহস্পতিবার ডায়ালাইসিস করে তিনি বাসায় ফেরেন। কিন্তু শুক্রবার (৩১ আগস্ট) শরীর খারাপ হলে আবারও তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল।