কারা আদালত সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারে আইনি নোটিশ

আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন (ছবি: ফোকাস বাংলা)


কারাগারে বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার নিয়ে আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন তিন দিনের মধ্যে প্রত্যাহার চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) খালেদা জিয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির এ নোটিশ পাঠান।

গত ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীর কারাগারে বিশেষ আদালত স্থাপন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। তবে সেটি সংবিধান ও দেশের প্রচলিত আইনবিরোধী বলে দাবি বিএনপিপন্থী আইনজীবীদের। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার নওশাদ জমির নোটিশ পাঠালেন।
এ নোটিশে সরকারের জারি করা প্রজ্ঞাপন তিন দিনের মধ্যে প্রত্যাহার চাওয়া হয়েছে। একইসঙ্গে আইন মন্ত্রণালয় সচিবকে এই আইনি নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যতায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর জারি করা আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত এলাকাটি জনাকীর্ণ থাকে। সে জন্য নিরাপত্তাজনিত কারণে বিশেষ জজ আদালত-৫ নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করা হলো।
বিশেষ জজ আদালতে বিচারাধীন বিশেষ মামলার (নং ১৮২০১৭) বিচার কার্যক্রম পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষের অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। রায় ঘোষণার দিন থেকেই খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।