অবিলম্বে আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তি দাবি





১১১১১

প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আটক শিক্ষার্থী মারুফ-আশাফসহ অন্য শিক্ষার্থীদের মুক্তি দাবি করেছেন প্রকৃত স্বাধীনতার দাবিতে নাগরিকবৃন্দ।
রবিবার (৯ সেপ্টেম্বর) বিকালে জাতীয় জাদুঘরের সামনে ‘গণতন্ত্র মুক্তি পাক’ ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশের পাশাপাশি প্রতিবাদী গান, পথনাটক ও গ্রাফিতি এঁকেও প্রতিবাদ জানান তারা।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘যারা আমাদের মর্যাদাকে ভূলুণ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ প্রতিবাদ। শহীদুল আলমকে যেভাবে গ্রেফতার, রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে, তা শুধু বাংলাদেশেই সম্ভব হয়েছে। জামিনে মুক্তি পাওয়া যেকোনও নাগরিকের অধিকার। অথচ সেই জামিনকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের যে শাসনব্যবস্থা দেখতে পাচ্ছি সেটা নতুন কিছু দিতে পারবে না। এই শাসনব্যবস্থাই যারাই গেছে তারাই স্বৈরাচারী হতে চেয়েছে। ফলে এই শাসনব্যবস্থাকে বদল করতে হবে।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যেই প্রতিবাদ করছে, তাকেই গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। শহীদুল আলম গণতন্ত্রের পক্ষে ছিলেন। তাকে আটক করে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দীন খান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।