লাইফ সাপোর্টে থাকা মাউশির ডিজিকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে

অধ্যাপক মাহাবুবুর রহমানলাইফ সাপোর্টে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমানকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) সালমা জাহান বাংলা ট্রিবিউনকে বলেন,‘উন্নত চিকিৎসার জন্য তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন,তার ফুসফুস আক্রান্ত্র হয়েছে। মাউশির পরিচালক অধ্যাপক ড. আব্দুল মান্নান জানান,অধ্যাপক মাহাবুবুর রহমানের সঙ্গে যাচ্ছেন তার মেয়ে, ছোট ভাই এবং মাউশির সহকারী পরিচালক (কলেজ-১) এ কে এম মাসুদ।

মহাপরিচালক মাহাবুবুর রহমান ১৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। ওই সময় তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার থেকে তাকে অক্সিজেন দেওয়া হয়। তাকে কেবিন ব্লকের সপ্তম তলার আইসিইউতে রাখা হয়। চিকিৎসার পর খানিকটা উন্নতি হলে শনিবার থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। শনিবার রাত থেকে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়।

তার অসুস্থতার খবরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং মন্ত্রণালয় ও মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে তাকে দেখতে যান।