সোমবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ (কেইস) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পালনকালে মেয়র এসব কথা বলেন। ‘আমাদের পথ আমাদের হাতেই নিরাপদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দিবসটি জাতীয়ভাবেও পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে নগর ভবনের সেমিনার কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সংস্থার নানা উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে নগর ভবনের সামনে থেকে সচেতনতামূলক একটি র্যালি বের হয়। এ সময় সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বর্তমান সড়কে সবচেয়ে আলোচিত হয়ে দাঁড়িয়েছে সড়কের নিরাপত্তা। কিছুদিন আগে শিক্ষার্থীরা এজন্য রাস্তায় নেমেছে। সরকার তাদের দাবি মেনে নিয়েছে। তিনি বলেন, ‘আমাদের সড়ক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। আমরা উত্তর ও দক্ষিণ সিটিসহ সবাই মিলে সড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। এরই মধ্যে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার জন্য আমাকে প্রধান করে ১০টি সংস্থার প্রধানকে নিয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমাদের কমিটি কাজ করে চলছে। আগামী দুই বছরের মধ্যে ঢাকা ও তার আশপাশের সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা কাজ করবো।’
খোকন আরও বলেন, ‘ঢাকা শহরে নতুন সাড়ে চার হাজার বাস নামাবো। বাসগুলো যাতে অসুস্থ প্রতিযোগিতা করতে না পারে সে জন্য কাজ করবো। শুধুমাত্র প্রতিষ্ঠানিক উদ্যোগই সড়কের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে।’
সড়ক দুর্ঘটনার জন্য নাগরিকদের ফুটওভারব্রিজ ব্যবহার না করাকেও দায়ী করেন তিনি।
অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব সারাহ জাকের বলেন, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পাশাপাশি যানবাহনও বাড়ছে। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। এ জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা চাই ঢাকার পাশাপাশি দেশের সব সড়কগুলো নিরাপদ হোক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইয়ার কমডোর জাহিদ হোসেন প্রমুখ।