র্যাব-৩-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) লেফট্যানেন্ট কমান্ডার আশেকুর রহমান বাংলা ট্রিবিউনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া ব্যক্তিরা হলো ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী (২৯) ও বিল্লাল হোসেন (২৪)। এসময় তাদের হেফাজত থেকে এক হাজার ৮৫ পিছ ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার উদ্ধার করা হয়।
লেফট্যানেন্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডে (৩৭ নম্বর) কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনা-বেচা করবে। এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করি।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তবে ইতোপূর্বে তারা আর কোন কোন চালান কেনা-বেচা করেছে এবং তাদের সাপ্লাইয়ার কে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’
আটক ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া থানার মুকন্দপুর পূর্বপাড়ার হোসেন মিয়ার ছেলে। বিল্লাল হোসেন একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব-৩-এর কোম্পানি কমান্ডার।