মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াত, রাজাকার-আলবদর আর তাদের অনুসারীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ মার্কা দিয়ে পুনরায় সংসদে আনার অপচেষ্টা করছেন। তার এই অপচেষ্টা দেশবাসী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ভোটাররা অবশ্যই প্রতিহত করবে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের ঐক্য এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসী জাগ্রত। তাই কোনও কূটকৌশল তারেক জিয়া বাস্তবায়ন করতে পারবে না। সেই জামায়াত-শিবির চক্রকে দেশের লোকজন আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। রাজনীতি আমাদের জন্য কোনও ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো দেশ। আমরা চাই রাজাকার-আলবদর, আল-শামসমুক্ত এবং ধর্মান্ধমুক্ত, মৌলবাদমুক্ত দেশ। এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আগামী সংসদ নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে ঘরে গিয়ে দেশের প্রতিটি ভোটারকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে কেন ভোট দিতে হবে, তার প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হবে, যেন তাদের মধ্যে কেউ অন্য কিছু ঢোকাতে না পারে। তাদের মাথায় যেন মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার মন-মানসিকতা থাকে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতন্দ্র একাত্তর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, প্রজন্ম ৭১, মুক্তিযুদ্ধ প্রজন্ম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবাদী, বাংলাদেশ প্রজন্ম সংসদ, মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ ফাউন্ডেশন, যোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা সন্তান ফেডারেশন, মুজিবসেনা ঐক্যলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, প্রজন্ম শিক্ষক সংসদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম নারী সংসদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, দুরন্ত বাংলা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা।