একাদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইএমএফ

ইএমএফের সংবাদ সম্মেলন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে বলে  প্রতিবেদনে জা‌নি‌য়ে‌ছে ইলেকশন মনিটরিং ফোরাম-ইএমএফ।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)  জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের ৫৬টি এনজিও সংস্থার সমন্বয়ে গঠিত  নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইএমএফ ব‌লে‌ছে, নির্বাচনে সারা দেশের ২৯৯ আসনের মধ্যে ২৩৯টি আসনে ১৭ হাজার ১৬৫টি কেন্দ্রে তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক মাওলানা মো. আবেদ আলী বলেন, ‘সার্বিক বিবেচনায় নির্বাচন খুবই শান্তিপূর্ণ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।’

তিনি জানান, সংস্থার পর্যবেক্ষকদের মতে— যেসব কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে, সেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। এছাড়া, ভোটকেন্দ্রে বি‌চ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন কোনও অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়েনি।

তিনি বলেন, ‘নির্বাচনে প্রার্থীদের প্রচারসহ সার্বিকভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়েছে। তবে কিছু সংসদীয় আসনের প্রার্থী মামলার অজুহাতে প্রশাসনের হয়রানির শিকার হয়েছেন, যা ছিল অনাকাঙ্ক্ষিত।’

সংবাদ স‌ম্মেল‌নে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, আইন সহায়তা কেন্দ্র- আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. শামসুল হকসহ সংস্থা‌টির নেতারা উপ‌স্থিত ছি‌লেন।