ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধন

ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধনভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের দাবিতে ঢাকায় মানববন্ধন ক‌রে‌ছে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশ শাখা। ভারত-পাকিস্তানের মধ্যে সম্প্রতি সৃষ্ট রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় সংগঠনটি। এ জন্য দুদেশের প্রতিনিধিদের আলোচনায় বসারও আহ্বান জানানো হয়। শ‌নিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে মানববন্ধনে সংগঠনের নেতারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, বর্তমানে যে মানবতার সংকট সৃষ্টি হয়েছে, তার কারণ হলো ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী অপরাজনীতি, উগ্র জাতীয়তাবাদ ও রাষ্ট্রের একক গোষ্ঠীবাদী মনোভাব। বিভক্তি উপমহাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও মানবিক ভ্রাতৃত্ববোধ ধ্বংস করছে। পারস্পারিক বিভেদ সৃষ্টি করছে। বস্তুবাদী জাতীয়তাবাদ চেতনা পরিহার করে ধর্মের মৌলিক শিক্ষার চর্চার মাধ্যমেই মানবতা সুরক্ষা পাবে।

মানববন্ধনে সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের নেতারা দুনিয়ার সব খুন, সন্ত্রাস, নিপীড়ন বন্ধ করে মানবতা রক্ষার লক্ষ্যে সার্বজনীন মানবিক রাষ্ট্র ও মানবতার বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

আল্লামা শেখ রায়হান রাহরাবের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন— আল্লামা আবু আবরার চিস্তি, সুফি আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরী, অ্যাডভোকেট শাকের হোসেন, অধ্যাপক মারুফ উদ্দিন, অ্যাডভোকেট মোকাররম হোসেন, আশরাফুল আলম, অ্যাডভোকেট শারমিন সুলতানা, অ্যাডভোকেট তানিয়া তানজিম ও অধ্যাপিকা এমি নিশা প্রমুখ।