ঢাবিতে নিরাপদ ও বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

01নিরাপদ ও বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ডাকসুর কেন্দ্রীয় চার প্রতিনিধি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মার্চ) বহিরাগত কিছু লোক পলাশী মোড়ে বিশ্ববিদ্যারয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলামের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে তার এক হাত ভেঙে যায়।

দীর্ঘদিন ধরে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন সময় শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। মানববন্ধন থেকে তারা ক্যাম্পাসের মধ্যে বহিরাগত যানবাহন চলাচল নিষেধসহ কয়েকটি দাবির কথা জানান। এসময় ডাকসুর কয়েকজন প্রতিনিধি শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে জানানোর জন্য বলেন। তারা শিক্ষার্থীদের দাবিগুলো আদায়ে তাদের পাশে থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

মানববন্ধনে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, ‘তাজুলের ওপর যে হামলা হয়েছে তা দুঃখজনক। বহিরাগত সন্ত্রাসীদের কাছে সে হামলার শিকার হয়েছে বলে জেনেছি। এর আগেও বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে অসংখ্যবার আন্দোলন হয়েছে।’

শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমাদের দাবিগুলো লিখিতভাবে আমাদের জানাও আমরা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’

ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবির সাথে আমরা একমত পোষণ করছি। তাদের পাশে আমরা আছি। দাবিগুলো লিখিতভাবে আমাদের জানালে আমরা প্রশাসনে সঙ্গে কথা বলবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকবো।’

এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিম অর্নি, সদস্য তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী।