৩০ মার্চ থেকে ৫ এপ্রিল নৌ নিরাপত্তা সপ্তাহ

ছবিটি নৌ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত

আগামী ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’ পালিত হবে। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দূষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি।’

নৌ পরিবহণ মন্ত্রণালয় সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়, নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ৩০ মার্চ শনিবার সকাল ৯টায় ঢাকার সদরঘাট টার্মিনালের সুন্দরবন-১০ লঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান ও নৌ র‌্যারির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নৌ নিরাপত্তা সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে ৩ এপ্রিল সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।