বাংলাদেশের পাসপোর্টে ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা, চার রোহিঙ্গা আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ফটো)বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন চার রোহিঙ্গা। বিমানবন্দর আর্মড পুলিশ রবিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বহিরাঙ্গণ থেকে তাদের আটক করে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ‘রোহিঙ্গা যাত্রী আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) ও আমেনা বেগম (২৬) সকালে ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যায়। তাদের দুপুর ১২টা ১৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে (ফ্লাইট নম্বর এমএইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়া যাওয়ার কথা ছিল। সকলেই আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে তারা স্বীকার করেছেন। তারা বাংলাদেশি পাসপোর্ট বহন করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’