ভবন মালিকদের অসচেতনতার কারণে অগ্নিকাণ্ড হচ্ছে: দুদক চেয়ারম্যান





দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

ভবন নির্মাণে আইন না মানার প্রবণতার কারণেই বনানীর এফ আর টাওয়ার ও পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড হয়েছে  বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘ভবন মালিকদের অসচেতনতার কারণে অগ্নিকাণ্ড হচ্ছে।’ 



বুধবার (১০ এপ্রিল) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে ফায়ার সার্ভিসের ২৭ সদস্যের একটি চৌকস দল অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করে। 
এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ‘ভবন মালিকদের অসচেতনতার কারণে অগ্নিকাণ্ড হচ্ছে। অধিকাংশ ভবনেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেই। আর  ভবন নির্মাণের সঙ্গে জড়িত সংস্থাগুলোও সঠিকভাবে দায়িত্ব পালন করছে না।’ 
এর আগে বুধবার সকাল সাড়ে দশটায় অগ্নিনির্বাপণ মহড়া শুরু হলে দুদকের প্রধান কার্যালয়ে সতর্ক ঘণ্টা বাজানো হয়। এস সময় কর্মকর্তা-কর্মচারীরা সিঁড়ি বেয়ে নিচে নেমে নিরাপদ জোনে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ফগিং মেশিনের মাধ্যমে ব্যাপক কৃত্রিম ধোঁয়া সৃষ্টি করেন। 
মহড়ার সময় দুদক কার্যালয়ের সামনের সড়কে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। কীভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা সে বিষয়ে দুদক কর্মকর্তা-কর্মচারীদের শিখিয়ে দেন। অগ্নিনির্বাপক যন্ত্র না থাকলে, বিকল অথবা অপারেট করতে না জানলে কীভাবে বালু, ভেজা চট, ভেজা কম্বল ও কাঁথা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা যায়, সেই কৌশলও শেখানো হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন লাগলে কোনও অবস্থাতেই লিফট ব্যবহার করা যাবে না। সিঁড়ি বেয়ে নামতে হবে। বিদ্যুৎ এবং গ্যাসের লাইন বন্ধ করতে হবে। 
এই মহড়ায় ফায়ার সার্ভিসের দলটি ব্রোনটো কার, ফোর হুইল ওয়াটার সাপ্লাইয়ার ভেহিক্যাল, কমান্ড ভেহিক্যাল, অ্যাম্বুলেন্সসহ অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে।