খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

 

 

খালেদা জিয়া

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ এপ্রিল ) রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক এস মোহাম্মদ আলী এ আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটি উচ্চ আদালতে স্থগিত থাকায় অভিযোগ গঠন শুনানির পেছানোর আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে পরবর্তী ৩১ জুলাই নতুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী। পরে ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপি চেয়ারপারসনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।