এক কেজির সোনার বারসহ গ্রেফতার এরফানুল রিমান্ডে





60b3ada8abc52d7704e4602696b3932f-5cc2ec1154a35

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজির ১০টি সোনার বারসহ গ্রেফতার এরফানুল ইসলামকে (৪২) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে এরফানুলকে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
গতকাল শুক্রবার বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকায় অবৈধ ১০টি সোনার বারসহ এরফানুলকে আটক করেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
ওইদিন দুপুরে সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসে এরফানুল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে দেহ তল্লাশি করে অভিনব কায়দায় এরফানুলের দেহে লুকিয়ে রাখা ১০টি সোনার বার জব্দ করা হয়। এসব বারের ওজন এক কেজি ১৬০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেফতার এরফানুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি বিশেষ ক্ষমতায় মামলা হয়। সে চট্টগ্রামের সাতকানিয়ার বারদুনা গ্রামের প্রয়াত নবী হোসেনের ছেলে।



আরও পড়ুন...

শাহজালালে এক কেজি সোনার বারসহ আটক ১