বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা এবং অনগ্রসর তরুণদের কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে ‘কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্কিলস ফর ট্র্যান্সফরমেশন (কোয়েস্ট)’ নামক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ইউসেপ বাংলাদেশ। এই প্রকল্পে সার্বিক সহায়তা করবে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড।
রবিবার (২৮ এপ্রিল) মিরপুরের ইউসেপ বাংলাদেশ মিলনায়তনে কোয়েস্ট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস জুলিয়া নিবলেট। আরও বক্তব্য রাখেন ডিএফআইডি এর টিম লিডার (হিউম্যান ডেভেলপমেন্ট টিম) ফাহমিদা শবনম, ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস জুলিয়া নিবলেট বলেন, ‘ঝরে পড়া এই শিক্ষার্থীদের মধ্যে মাত্র এক ভাগ পরবর্তীতে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে। তবে বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার এই বিষয়টিতে অবশ্যই মনোযোগ দিতে হবে।’