রাঘব বোয়ালদের আড়ালে রাখার অপচেষ্টা হচ্ছে: বিমান শ্রমিক লীগ

সংবাদ সম্মেলনে বিমান শ্রমিক লীগের নেতারা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতিতে জড়িত বড় বড় রাঘব বোয়ালদের আড়ালে রাখার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান। তিনি বলেন,‘জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই বিমান শ্রমিক লীগ নেতাদের নাম দুদকে পাঠিয়ে বড় বড় রাঘব বোয়ালদের আড়ালে রাখার অপচেষ্টা করা হচ্ছে। রবিবার (৫ মে)  দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মশিকুর রহমান বলেন, ‘বিমান শ্রমিক লীগ-সিবিএ নেতাদের বিরুদ্ধে দীর্ঘ ছয় বছর তদন্ত করেছে দুদক। দুদকের তিনটি টিম সিবিএ নেতাদের স্থাবর ধন সম্পদ অধিকতর তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পেয়ে গত ৬ মার্চ ফাইলটি পরিসমাপ্তি করেছে।  এর ১৫ দিনের মাথায় পুনরায় একই অভিযোগে বিমান শ্রমিক লীগ সিবিএ নেতাদের নাম দুদকে পাঠিয়ে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা উদ্দেশ্যমূলক।’

বিমান শ্রমিক লীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশ বিমানের প্রায় ছয় হাজার কর্মকর্তা কর্মচারীর মধ্যে শুধুমাত্র বিমান শ্রমিক লীগ-সিবিএ নেতাদের কেন বার বার হয়রানি করা হচ্ছে।  সুনির্দিষ্ট কোনও অভিযোগ ছাড়াই ট্রাভেলস শপ লিমিটেডের  পরামর্শে এবং মন্ত্রণালয়ের নির্দেশে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। প্রকৃতপক্ষে ৭৭৭ উড়োজাহাজ,ড্যাশ-৮ উড়োজাহাজ লিজ, ইঞ্জিনিয়ারিং ওভারহোলিং,জিএসএ নিয়োগে একক ব্যবসা সুপ্রতিষ্ঠিত করার খবর সংবাদপত্রে এসেছে। সেসব বিষয় থেকে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই এই অপচেষ্টা চলছে। এ ধরনের হীন অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই।’

মশিকুর রহমান আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদককে আমরা সহায়তা করেছি।  অতীতের মতো ভবিষ্যতেও সহায়তা করবো। তবে আমরা বিশেষভাবে অনুরোধ করবো, রাঘব বোয়ালদের যেন খুঁজে বের করা হয়। কোনও নিরীহ কর্মকর্তা-কর্মচারীকে যেন স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অযথা হয়রানি করা না হয়। কেননা, উড়োজাহাজ লিজ-কেনাকাটা-নিয়োগ কোনও ক্ষেত্রেই শ্রমিক-কর্মচারীদের  প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বা ক্ষমতা নেই। তিনি বলেন, ‘কোনও ব্যক্তি মালিকানাধীন দেশি-বিদেশি কোম্পানিকে বাংলার মাটিতে বিমানবন্দরের কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ব্যবসা করতে দেওয়া হবে না। পদ্মা সেতু  ও বঙ্গবন্ধু স্যাটেলাইট যদি নিজেদের অর্থায়নে সফলভাবে সম্পন্ন করতে পারি, তাহলে অবশ্যই আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে সফলভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে পারবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিমান শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুর রহমান ও মোহাম্মদ রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হক, দফতর সম্পাদক হারুনুর রশিদ,আব্দুর বারী লাবলু,এমকেএম মাসুম বিল্লাহ,রুবেল চৌধুরী,মিজানুর রহমান প্রমুখ।