ঢাকার কেরানীগঞ্জে ৫৩ শতাংশ সরকারি খাস জমি অবৈধভাবে দখল করা হয়েছে। ওই জমি ১০টি প্লট করে বিক্রিও করেছে দখলদার। এরইমধ্যে তিনটি প্লটের ক্রেতা বাড়ি নির্মাণ করে বসবাসও করছেন।
রবিবার (৫ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থলে অভিযান চালায় বলে জানিয়েছেন দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। পরে জমি উদ্ধারে ব্যবস্থা নিতে রুহিতপুর ভূমি অফিসকেও নির্দেশনা দেওয়া হয়।
দুদক এনফোর্সমেন্ট টিম জানায়, মধ্যেরচর মৌজার আর এস ১ নম্বর খতিয়ানের ৯০৯ নম্বর দাগের ৫৩ শতাংশ খাস জমিটি ২০১১ সালের ২৩ জানুয়ারি থেকে অবৈধ দখলে রয়েছে বলে ঘোষণা করে রুহিতপুর ভূমি অফিস। প্রভাবশালী এক ভূমিদস্যু জমিটি দখল ও ভরাট করে ১০টি প্লট আকারে বিক্রির তথ্যও আছে ভূমি অফিসে।
দুদক জানায়, স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে খাস জমি উদ্ধারে অভিযান চালানো হয়। এ বিষয়ে শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দুদকে জমা দেবে এনফোর্সমেন্ট টিম।