মা-মেয়েসহ একই পরিবারের ৩ নারীকে ধর্ষণের অভিযোগ, রিমান্ডে ভণ্ড পীর







হাইকোর্টসাভার আশুলিয়ায় নিজ বাড়িতে আস্তানা বানিয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিন নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় ভণ্ড পীর মো. মনির হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৬ মে) বিকালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফ উজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানা (জিআরও) শাখার কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য জানান।
জানা গেছে, আসামি মনির হোসেন আশুলিয়ার কুরগাঁও এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এ ঘটনায় আর কারা জড়িত আছে— এ তথ্য উদঘাটনে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
গতকাল রবিবার রাতে ভণ্ড পীর মো. মনির হোসেনকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ভণ্ড পীর মনির হোসেন দীর্ঘদিন ধরে মামলার বাদীর (ভিকটিম) বড় বোনকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মুরিদ বানিয়ে ধর্ষণ করে আসছিল। একই কৌশলে বাদীকেও ধর্ষণ করে সে। এরপর বড় বোনের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে ভণ্ড পীর মনির। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় ভিকটিমদের মনিরের আস্তানা থেকে উদ্ধার করে পুলিশ। এরপর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠায়।