আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মে শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৩০ মে বৃহস্পতিবার পর্যন্ত। এই সময়ের মধ্যে নগরীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যের অগ্রিম টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও মহাখালী বাস মিনিবাস মালিক সমিতি বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ৫ বা ৬ তারিখ ঈদের দিন ধরে আমরা ১৭ মে শুক্রবার সকাল ছয়টা থেকে বিভিন্ন গন্তব্যের বাসের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পরিবহন মালিকরা তাদের টিকিট বিক্রি করবেন। টিকিট বিক্রি হবে ৩০ মে পর্যন্ত।
অপরদিকে, মহাখালী বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, অগ্রিম টিকিট ছাড়ার দিন-তারিখের বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও আমরাও ১৭ মে থেকে বিক্রি শুরু করতে পারি। খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ ঘোষ বলেন, ‘ঢাকার গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট ও কলাবাগান এলাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি হবে।
তিনি আরও বলেন, ‘আগামী ৩০ মে থেকে অগ্রিম টিকিটের বাসগুলো নির্ধারিত গন্তব্যে যাত্রা শুরু করবে। আমরা প্রত্যেকটি গাড়ির দুটি টিকিট হাতে রেখে বাকি সব টিকিট বিক্রি করে দেবো।’
শ্যামলী, হানিফ, সোহাগ, গ্রিনলাইন, এস আর, নাবিল, ঈগল, এনা, দেশ ট্রাভেলস, আগমনী এক্সপ্রেসসহ প্রায় পঁচিশটি বড় পরিবহন কোম্পানির বাসেরও অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানান রমেশ ঘোষ।
প্রসঙ্গত রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল- এ চারটি বিভাগের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের টিকিট বিক্রি হয় রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকা থেকে।