গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, খালেদা জিয়া তার স্বজনদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি কৃষকের ধানের ন্যায্যমূল্য না পাওয়া এবং ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, কারাবন্দি অবস্থায় কাউকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানোর সুযোগ নেই। তবে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নেতাকর্মী কিংবা স্বজনরা দেখা করতে গেলে তাদের মাধ্যমে কিছু ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেন।
কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১ এপ্রিল তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। ঈদুল ফিতরের দিন বুধবার (৫ জুন) দুপুরে স্বজনরা হাসপাতালে গেলে তিনি তাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
জানতে চাইলে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, কারাবন্দি খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন তারা। এ অবস্থায় আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর কোনও সুযোগ নেই। তবে কারা কর্তৃপক্ষের লিখিত কোনও অনুমতি থাকলে ভিন্ন কথা বলে মন্তব্য করেন তিনি।