রবিবার (২৩ জুন) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও রিটকারী আইনজীবী মকছেদ আলী। তাদের সহযোগিতা করেন আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম।
পরে আইনজীবী মকছেদ আলী সাংবাদিকদের বলেন, ‘গ্রীষ্মকালীন সময়ে আদালতগুলোতে বিচার কাজ পরিচালনার সময় আইনজীবী ও বিচারপ্রার্থীদের অতিরিক্ত গরমে দুর্ভোগে পড়তে হয়। এতে বিচারকাজে বিঘ্ন ঘটে। এজলাস কক্ষগুলোতে যদি এসি স্থাপন করা হয় তাহলে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা উপকৃত হবেন এবং সাবলীলভাবে বিচার কাজ পরিচালনা করতে পারবেন। এছাড়াও বিচার বিভাগের আধুনিকায়নের জন্যও আদালতে এসি স্থাপন জরুরি।
প্রসঙ্গত, এর আগে দেশের প্রতিটি আদালতের এজলাস কক্ষে এসি স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ১১ এপ্রিল জনস্বার্থে আইনজীবী মকছেদ আলী রিটটি দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করলেন।