উত্তরায় রাজউকের অভিযান, ১১ লাখ টাকা জরিমানা

ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দেয় রাজউকআবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহারের দায়ে দুই ভবন মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পাশাপাশি অনুমোদিত নকশার পরিবর্তন ঘটিয়ে ভবন নির্মাণ করায় নয়টি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। বুধবার (২৮ আগস্ট) উত্তরা সেক্টর ১১/এ গরিব-ই নেওয়াজ অ্যাভিনিউতে এই অভিযান চালানো হয়েছে।

রাজউকের জোন ২-এর পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অঞ্চল-২-এর অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমিন আশরাফ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জরিমানা করা ভবন দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভবনগুলোর পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান ও কক্ষ ভেঙে পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয়। এছাড়া নয়টি ভবনের নকশা বহির্ভূতভাবে নির্মিত বেইজমেন্টের দোকান, ভবনের সামনের অবৈধ র‌্যাম্প (গাড়ি ওঠা-নামার জন্য ঢালু সিঁড়ি) উচ্ছেদ করা হয়।

এ সময় সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমান, জান্নাতুন নাঈমা প্রমুখ উপস্থিত ছিলেন।