শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জাতিকে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশপ্রমে উজ্জীবিত হতে হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীতে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে গেছেন, সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির পথ নির্দেশনা দিয়েছিলেন কিন্তু খুনিচক্র বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি।
তিনি বলেন, আমাদের সকলকে বঙ্গবন্ধুর স্বপ্ন, আদর্শ বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে, সকলে মিলে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের আজ শপথ নিতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ কর্মী হিসেবে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা যেন আগামী প্রজন্মের কাছে দুই হাজার একশ’ সালের ডেল্টা প্ল্যান তুলে দিয়ে যেতে পারি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবুল বাশারসহ ঢাকা দক্ষিণ এবং রমনা থানা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তৃতা করেন।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।