কেরোসিনের পাশে কাচ্চির আলু: সুলতান’স ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা

ধানমন্ডির সুলতান’স ডাইন রেস্তোরাঁয় কেরোসিন তেলের পাশেই পাওয়া যায় কাচ্চিতে দেওয়ার জন্য রান্না করা আলু।

মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত হলুদের গুড়াসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ধানমন্ডির সুলতান’স ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সুলতান’স ডাইন রেস্তোরাঁর ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশ

শান্তনু চৌধুরী জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালীন এ রেস্তোরাঁটির ভেতরে দুই মাস আগেই মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত হলুদের গুঁড়া পাওয়া যায়। এছাড়া নোংরা পরিবেশে কেরোসিন তেলের পাশেই কাচ্চি বিরিয়ানির জন্য রান্না করা আলু পাওয়া যায়। লেবেলহীন প্লাস্টিকের বাটির মতন কৌটায় ফিরনি পাওয়া যায়, যাতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এছাড়া আরও অনেক লেবেলহীন মশলার প্যাকেট পাওয়া যায়। এসব অপরাধে ধানমন্ডির সুলতান'স ডাইন রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।